আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ

জানুয়ারী 12, 2026 - 10:38
 0  4
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ

জুলাই গণ–অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে রোববার। আগামী বুধবার থেকে এ মামলায় যুক্তি–তর্ক উপস্থাপন শুরু হবে। সেদিন প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) যুক্তি–তর্ক উপস্থাপন করবে।

রোববার এ মামলার আসামি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন সাফাই সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেন, ঘটনার দিন তিনি ডিবি (উত্তর) দলের একজন সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সেদিন তিনি নিজে কোনো অস্ত্র বহন করেননি। কাউকে নির্দেশনা দেওয়ার মতো অবস্থান নিয়েও তিনি সেদিন ডিউটিতে যোগদান করেননি। তাঁর ইনচার্জের নির্দেশনামতো প্রতিটি কাজ করেছেন। তিনি নিরপরাধ। ন্যায়বিচার চান।

মামলার অপর আসামি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফীর পক্ষে দুজন সাফাই সাক্ষী এবং আসামি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের পক্ষে নিজেরই সাফাই সাক্ষী দেওয়ার কথা ছিল। তবে তাঁরা সাফাই সাক্ষী দেবেন না বলে ট্রাইব্যুনালকে জানান তাঁদের আইনজীবীরা।

এ মামলায় মোট আসামি ১৬ জন। এর মধ্যে আটজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ এই মামলার অপর আট আসামি পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বিচার গুলি চালালে বেশ কয়েকজন নিহত হন। আহত হন অনেকে। রাতে আশুলিয়া থানার অদূরে নবীনগর থেকে চন্দ্রাগামী মহাসড়কের এক পাশে পুলিশ লেখা পিকআপের আগুনে ভস্মীভূত অন্তত দুটি মরদেহ দেখেন তাঁরা। এ ছাড়া থানার সামনে আগুনে পোড়া একটি মরদেহ ছিল। পদচারী–সেতুতে উল্টো করে ঝোলানো ছিল ক্ষতবিক্ষত দুই পুলিশ সদস্যের লাশ। তখন স্থানীয় লোকজন আগুনে ভস্মীভূত একাধিক লাশ পিকআপে থাকতে পারে বলে ধারণা করেছিলেন।

আপনার প্রতিক্রিয়া কি?

পছন্দ করুন পছন্দ করুন 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
গোস্বামী গোস্বামী 0
দুঃখজনক দুঃখজনক 0
বাহ! বাহ! 0
Md. Firoj Uddin As a passionate news reporter, I am fueled by an insatiable curiosity and an unwavering commitment to truth. With a keen eye for detail and a relentless pursuit of stories, I strive to deliver timely and accurate information that empowers and engages readers.