বিশ্ব ক্যান্সার দিবস আজ: সচেতনতাই ক্যান্সার প্রতিরোধের প্রথম ধাপ
আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগীদের সহায়তায় সমাজকে উদ্বুদ্ধ করা এবং প্রতিরোধ ও চিকিৎসা উদ্যোগকে জোরদার করার লক্ষ্যে প্রতি বছর বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়।
বিশ্ব ক্যান্সার দিবসের সূচনা হয় ২০০০ সালে। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যান্সার’-এ এ উদ্যোগের যাত্রা শুরু হয়। এরপর থেকে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের বিরুদ্ধে বৈশ্বিক সচেতনতা তৈরিতে দিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, ক্যান্সার বর্তমানে বিশ্বে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৮২ লাখ মানুষ ক্যান্সারে মারা যান। এ রোগে আক্রান্তদের একটি বড় অংশই বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের নাগরিক।
গ্লোবাল ক্যান্সার অবজারভেটরির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে ক্যান্সারে মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জন। একই সময়ে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন। বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও শিক্ষার অভাব এবং আর্থিক সীমাবদ্ধতা দেশে ক্যান্সারজনিত মৃত্যুর হার বাড়ানোর অন্যতম কারণ।
চিকিৎসকদের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে ক্যান্সারের চিকিৎসা অনেক সহজ ও কার্যকর হয়। ক্যান্সারের উপসর্গ রোগের ধরন ও বিস্তারের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তাই ঝুঁকির কারণ, উপসর্গ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে মানুষের সঠিক ধারণা থাকা জরুরি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। তিনি নিয়মিত ব্যায়াম, ধূমপান পরিহার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সময়মতো শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ওপর গুরুত্ব দেন।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ব ক্যান্সার দিবস কেবল একটি দিবস উদযাপন নয়, বরং ক্যান্সারের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে নতুন করে অঙ্গীকার করার একটি সুযোগ। সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই এই মরণব্যাধির ঝুঁকি কমানো সম্ভব।
আপনার প্রতিক্রিয়া কি?
পছন্দ করুন
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
গোস্বামী
0
দুঃখজনক
0
বাহ!
0