ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

জানুয়ারী 12, 2026 - 10:25
 0  0
ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে গতকাল রোববার ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে নিহত বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে। এর মধ্যেই এমন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

এত বেশি বিক্ষোভকারী নিহত হওয়া প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। ইরান সীমা লঙ্ঘন করেছে কি না, জানতে চান। জবাবে এয়ারফোর্স ওয়ানে থাকা ট্রাম্প বলেন, ‘দেখে মনে হচ্ছে, তারা (ইরান) সেটা শুরু করেছে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। সামরিক বাহিনীও নজর রাখছে। আমরা খুব কঠিন কয়েকটি বিকল্প বিবেচনায় রাখছি। আমরা একটি সিদ্ধান্ত নেব।’

এদিকে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান গতকাল যুক্তরাষ্ট্রকে ‘ভুল হিসাব-নিকাশ’ না করার পরামর্শ দিয়ে বলেছে, ওয়াশিংটনের হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোয় পাল্টা হামলা চালানো হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ইরানে নিহত মানুষের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫৩৮–এ দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বিক্ষোভকারী। তবে রয়টার্স নিহত মানুষের সংখ্যা যাচাই করতে পারেনি। ইরান সরকারিভাবে হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর মধ্যেই জানিয়েছেন ‘দাঙ্গাবাজদের’ সমাজ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয়। ‘প্রতিবাদ জনগণের অধিকার’ বলেন তিনি। গতকাল তিনি বলেছেন, ‘জনগণের এটা বিশ্বাস করা উচিত যে আমরা (সরকার) ন্যায় প্রতিষ্ঠা করতে চাই।’

২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

আপনার প্রতিক্রিয়া কি?

পছন্দ করুন পছন্দ করুন 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
গোস্বামী গোস্বামী 0
দুঃখজনক দুঃখজনক 0
বাহ! বাহ! 0
Md. Firoj Uddin As a passionate news reporter, I am fueled by an insatiable curiosity and an unwavering commitment to truth. With a keen eye for detail and a relentless pursuit of stories, I strive to deliver timely and accurate information that empowers and engages readers.